Sunday, December 5, 2021

যখন হৃদয় মেলি

 

আজ হঠাৎ আমার প্রিয় রবি ঠাকুরের একটা গান মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি করলো।

‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি।

বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি’

রবি ঠাকুর গানটা কি ভেবে লিখেছিলেন জানিনা, তবে যেকোনো গান ,বিশেষ করে রবীন্দ্র সঙ্গীত তো এক এক জনের কাছে এক এক ভাবে ধরা দেয়। সবাই নিজের নিজের মনের প্রতিফলন পায় ওনার গানে। তাই বোধহয় গানগুলোর এত জনপ্রিয়তা। হতেই পারে মনের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করে এই গান লেখা, আবার কারোর কারোর এটাও মনে হতে পারে আমাদের কোন প্রিয় মানুষের অস্তিত্ব মনের মধ্যে খুঁজে পাওয়ার সূত্র আছে এই গানে, যেমন- আমাদের বাবা মা বা জীবনসঙ্গী অথবা প্রিয় বন্ধু। কিন্তু আমার হঠাৎ গানটা শুনে মনে হল যেন আনন্দ, খুশি এসব আমাদের মনের ভেতর লুকনো আছে। আর আমরা সেটা বেশিরভাগ সময় ভুলে যাই। বাইরে হাজার হাজার সুখের হাতছানি যেন আমাদের প্রকৃত আনন্দের কথাই ভুলিয়ে দেয়। বাইরের সুখের গলিতে বারবার ঢুঁ মেরে যখন সুখ না পেয়ে ফিরে আসি, হঠাৎ একদিন সামান্য খুশিতেও মন খুশি হয়ে ওঠে। অর্থাৎ, সুখের পরিমাণটা বড় ব্যাপার নয়, সুখ ছোট হোক বা বড়, উপভোগ করার মতো মনের দরজা খোলা থাকলেই মন আনন্দিত হয়ে ওঠে। সেই মনের দরজা আজকালকার গতিময়তার যুগে বন্ধ যেন না হয়ে যায়। তাহলে আখেড়ে  ক্ষতি আমাদেরই। মনের ভেতর গুপ্ত আনন্দের খনি থেকে আনন্দ পেতে পারবোনা আমরা। আনন্দটা বাইরের হলে বড় বেশি লোক দেখানো আনন্দ হয়ে যায়। আনন্দটা ভেতরের হলে তার রেশ বহুদিন থেকে যায়।

এই প্রসঙ্গে আরও একটা ব্যাপার মাথায় এলো। সবার মনের মধ্যেই একটা মানুষ আছে যাকে সে নিজে ভালবেসে একটু একটু করে তৈরি করেছে। সে নিজে যা কিছু চায়, ভেতরের সেই মানুষটা ঠিক তাই তাই করে। ঠিক যেমনটা হতে চাই সে, যেমন ভাবে বাঁচতে চায়, ভেতরের সেই মানুষটা ঠিক সেইরকম ভাবেই বাঁচে। কিন্তু এই ভেতরের মানুষটাকে শুধু সেই চেনে, বাইরের কেও চেনে না। চিনলেও সেটা পুরোপুরি নয়। কারণ কেউই বোধহয় নিজের মনের মধ্যের নিজেকে বাইরে প্রকাশ করতে পারেনা। বাইরে তার অন্য রূপ। বাইরের রূপ তার পছন্দের নয়, সেটা সে সবার জন্য বানিয়েছে, আর ভেতরের রূপটা সে তার নিজের জন্য বানিয়েছে, সেটা একদম তার মনের মতো। তাই আমরা যে মানুষকে যেমনই দেখি না কেন, সে আসলে সেরকম নয়, তার চেয়ে অনেকখানি আলাদা, অনেকখানি সুন্দর।

আমি তো আমার মতামত জানালাম, এবার তোমাদের/আপনাদের কথাও শুনতে চাই। ভালবেসে সবাই বোলো / বলুন নিজের নিজের মন্তব্য। ভালো থাকবেন সকলে।

1 comment:

  1. খুব সুন্দর অনুভূতি।একদম আমার মনের কথা।সত্যিই আমরা সবাই সুন্দর।

    ReplyDelete

টোকা

এটা কে রে যে আমার পেছনে সবসময় টোকা মেরে বলতে থাকে 'u can do it, u can do everything'. Who is this? এ কি আমাকে শান্তিতে বাঁচতেও দেবে...