Tuesday, May 25, 2021

জন্মান্তর

 

১

আজ নীলের ২০বছর পূর্ণ হল ।প্রতি বছরের মতো এবারেও মহা ধুমধামে পালিত হচ্ছে ওর জন্মদিন। সকাল থেকেই বাড়িটা আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবের হৈহল্লায় মুখর । নীল অবশ্য অন্য একটা কারণে আজ ভীষণ খুশি। সেই ছোট থেকে ও এই দিনটার জন্য অপেক্ষা করেছিল। আজ তার স্বপ্নপূরণের দিন।

ছোট থেকেই নীল ওর সব আত্মীয়দেরই দেখেছে। দেখেনি শুধু ওর দিদুনকে, তার মামাবাড়ির একমাত্র উনিই জীবিত আছেন। কিন্তু দিদুন অসুস্থ বলে নীলের মা, সৃজাদেবী কখনও নিয়ে যাননি নীলকে ওনার কাছে। মাঝেমাঝে যখন নিজে যেতেন নীল খুব বায়না করত, কখনও আবার রাগারাগিও করত, কিন্তু কোন লাভ হতোনা। এমনকি দিদুনের কি হয়েছে সেটাও জানানো হয়নি নীলকে। কিন্তু যতই বাধা পেয়েছে, ততই দিদুনের কাছে যাওয়ার লোভ বেড়ে গেছে নীলের। মনে মনে দিদুন কেমন দেখতে কল্পনাও করেছে সে। ভীষণ ভালোবাসে ও দিদুনকে।

সেই দিদুনের সঙ্গে দেখা করার দিন আজ- সৃজাদেবী ছোট থেকে ছেলেকে এই কথাই বলে এসেছেন। তাই আজ বিকেলে নীল ওর অতিপ্রিয়, কিন্তু অদেখা অচেনা মানুষটির সঙ্গে দেখা করতে যাবে। সঙ্গে যাবে ওর বন্ধুরা। তাই এবারের জন্মদিনটা অন্যবারের থেকে একদম আলাদা।  

২

‘মা যে ঠিকানাটা দিল সেটা দিদুনের বাড়ির । দিদুন খুব অসুস্থ বলেই জানি। কারণ প্রতিবারই ওখান থেকে ফেরার পর মায়ের মুখটা থমথমে দেখতাম। জিজ্ঞেস করেও জবাব পাবোনা বলে মাকে কিছু জিজ্ঞেসও করতাম না। আচ্ছা, মা আসার সময় আমাকে অতো আদর করছিলো কেন? কাঁদছিলই বা কেন? মায়ের তো খুশি হওয়ার কথা। জানিনা, আমি মাকে মাঝেমাঝে বুঝতে পারিনা’ – এইসব ভাবতে ভাবতে কখন যে গন্তব্যে পৌঁছে গেছে, টেরই পায়নি নীল। সকলের ব্যস্ততা ও চিৎকারে সম্বিৎ ফেরে তার।

দিদুনের বাড়িটা পুরনো দিনের দোতলা বাড়ি।বাড়িতে না ঢুকে প্রথমেই ওরা চারপাশটা ঘুরে দেখতে লাগলো। বাড়িটার সামনে পিছনে বাগান। সামনের বাগানটা ছোট। কিছু ফুলের গাছ, পাতাবাহার গাছ, আর একটা তুলসীতলা । বাড়ির পিছনের দিকে গিয়ে ওদের সবার চোখ ধাঁধিয়ে গেল। এ তো স্বর্গরাজ্য! বাগানের ঠিক মাঝখানে একটা ঘাট বাঁধানো জলাশয়। তাতে পদ্ম ফুটে আছে। পুরো বাগান জুড়ে প্রচুর ফুলের গাছ। বাগানের ভেতরদিকে অনেকগুলো বড় গাছ। বেশ কিছু সিমেন্ট দিয়ে বাঁধানো বসার জায়গা। তারই একটায় বসে পড়ল নীল। গাছে গাছে পাখির ডাক, ফুলের মিষ্টি সুবাস। তার মনে হল এরকম একটা জায়গা যেন সে আগে দেখেছে। কে জানে, হয়তো তার কল্পনায়। দিদুন অসুস্থ থাকা সত্ত্বেও তার বাগান এত সুন্দর পরিপাটি করে সাজানো কিভাবে সেটাই ভাবতে লাগলো সে।

 ভাবনায় ছেদ পড়লো তার এক বন্ধুর ডাকে- ‘তোর আজ জন্মদিন, এত মনমরা কেন? আমরা সবাই ফটো তুলছি, আর তুই এখানে একা বসে কি করছিস? চল, সবাই মিলে ফটো তুলি’। সত্যিই তো সে আজ বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে। ফটো তলার মাঝেই এই বাড়ির কেয়ারটেকার বলরাম মামা ডাকতে এল –‘তোমাদের জন্য একটু জলখাবারের ব্যবস্থা করেছি, তোমরা ভেতরে চলো’।

 

৩

জলখাবার খেয়ে যে যার মতো এদিক ওদিক ঘুরতে লাগলো। নীল জানতে পারলো, দিদুন রোজ বিকেল ৫টায় বাগানে যায়। এখনো বেশ কিছুটা সময় হাতে আছে ভেবে সে ঘরগুলো ঘুরে দেখতে লাগলো। দিদুনের ঘরটা বোধহয় ওপরতলায় । নিচের প্রতিটা ঘরে ঢুকেই নীল অবাক। সুন্দর পরিপাটি ঘর, আর দেওয়ালে টাঙ্গানো তার নিজেরই ফটো। সঙ্গে এক সুন্দরী ভদ্রমহিলা । সে তো অনেক চেষ্টা করেও মনে করতে পারলনা সে আগে কবে এখানে এসেছে। সে কি কিছু ভুলে যাচ্ছে! কই, ছোট থেকে সব ঘটনাই তো তার মনে আছে। তবে এসবের মানে কি? কেও কি তার সঙ্গে মজা করার জন্য এরকম ফটো বানিয়েছে! কিন্তু কেন? ভীষণ অসহায় বোধ করে নীল। সঙ্গে সঙ্গে মাকে একটা ফোন করে সে। সব শুনে সৃজাদেবী শান্ত গলায় বললেন, ‘ওটা আমার বাবা-মার ফটো। তোকে ঠিক তোর দাদাইয়ের মতো দেখতে হয়েছে। দিদুনের সঙ্গে দেখা…’ – ওনার কথা শেষ হওয়ার আগেই ওপরতলা থেকে কারোর নামার শব্দ পাওয়া গেল।

 নীল তখন ঘোরের মধ্যে রয়েছে। বসার ঘরে এসে দিদুনকে দেখেই তার মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। মাথাটা বনবন করে ঘুরতে লাগলো। চোখে সবকিছু ঝাপসা লাগতে লাগলো। মনে পড়ে গেল সব পুরনো কথা। কিভাবে দু’বাড়ির অমতে মন্দিরে গিয়ে বিয়ে করেছিল ওরা দুজনে। সাম্য আর রাশি। তারপর নিজেদের মনের মতো করে বানিয়েছিল এই বাড়ি,বাগান, তাদের ভালোবাসার সংসার। ওদের স্বর্গরাজ্য ছিল এই বাগানবাড়ি। রোজ বিকেলে দুজন মিলে বাগানে ঘুরত, বসে কত গল্প করতো ঘণ্টার পর ঘণ্টা। সব মনে পড়তেই আনন্দে-আবেগে সে জড়িয়ে ধরল রাশিকে। রাশি(নীলের দিদুন) বলে উঠলো, ‘সাম্য, তুমি এসেছ। আমি জানতাম তুমি একদিন ঠিক আসবে। তাই এতকাল ধরে তোমার জন্য অপেক্ষা করে চলেছি । সেদিনও কত অপেক্ষা করেছিলাম, তুমি এলেনা, ওরা বলল তুমি আর নেই। কিন্তু আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারোনা। তাই এই ৫০টা বছর রোজ বিকেলে বাগানে গিয়ে বসতাম। ওটা আমাদের প্রিয় জায়গা ছিল, ওখানে যদি তুমি ঘুরতে আসো। তাই…’। সাম্য(নীল) বলল, ‘আমি আর কক্ষনো তোমায় ছেড়ে যাবো না, কথা দিলাম’।

‘ কাল থেকেই বারবার বলছিলেন উনি , যে আজ আপনি আসবেন। যাক, আপনি এসে গেছেন, এবার আমার ছুটি। আমি তাহলে আসি’- ডাক্তারবাবুর কথা শুনে সাম্য ও রাশি দুজনেই ঘুরে তাকালেন । হাসি মুখে বিদায় জানালেন ডাক্তারবাবুকে। ‘রাশি, আমাদের সেই বইগুলো আছে? মনে আছে আমরা দুপুরবেলায় বসে বসে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র পড়তাম?’ সাম্যের কথায় হেসে ফেলল রাশি-‘সব আছে ।চলো এখন বাগানে যাই’।

৪


ওরা বেড়িয়ে গেলে সেদিকে অবাক চোখে তাকিয়ে রইলো নীলের বন্ধুরা। ওরা যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। চোখের সামনে যেন সিনেমা দেখছে মনে হচ্ছিল। ওরা ছুটে বাইরে এসে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলো, ‘এটা কিরকম হল? নীল আমাদের সঙ্গে ফিরবে না? ও এরকম অদ্ভুত ব্যবহার কেন করছে?’ ডাক্তারবাবু বললেন, ‘নীলের দিদুন শ্রীমতী রাশিমালা দেবীর কেসটা একটু অন্যরকম। ওনার স্বামী সাম্য মারা যান একটা দুর্ঘটনায়। কিন্তু এই কথাটা বিশ্বাস করতে পারেন নি রাশি দেবী । উনি প্রচণ্ড একটা মানসিক আঘাত পান। অনেক বছর পরেও তিনি একইভাবে বিশ্বাস করতেন তাঁর স্বামী একদিন ঠিক ফিরে আসবেন। ওনার মেয়ে বড় হয় একটা হোমে। তারপর ওনার বিয়ের পর আমি এই কেসটা হাতে পাই। তার আগে আমার স্যার দেখতেন ওনাকে। কিছু করার নেই জেনেও শুধুমাত্র সৃজা দেবীর অনুরোধে চিকিৎসা চালিয়ে যেতে হয় আমাদের। তারপর কয়েক বছর আগে উনি এসে ওনার ছেলের ফটো দেখিয়ে বললেন, উনি একটা আশার আলো দেখেছেন, নীলকে হুবহু ওর দাদুর মতো দেখতে। তাই এটা যদি কোন ভাবে আমাদের চিকিৎসায় সাহায্য করে। আমি তখনই নীলকে এখানে পাঠিয়ে দিতে বলি। কিন্তু সৃজা দেবী বললেন, আগে নীলের ২০ বছর বয়স হোক তারপর ও আসবে। তারপর আজ নীলের এখানে আসার পর থেকে কি কি ঘটলো তা তো তোমরা নিজের চোখেই দেখলে’।

-‘কিন্তু নীল আমাদের সঙ্গে না ফিরলে আমরা ওর মাকে কি জবাব দেব ?’

-‘দেখো, সৃজা দেবীকে আমি আগেই জানিয়েছিলাম নীলের এতে বিপদ হতে পারে। হয়তো ও আর কোনদিন নাও ফিরতে পারে। উনি সবটা জেনেই নীলকে এখানে পাঠিয়েছেন। আমি বুঝতে পারছি তোমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমারই এখনো বিশ্বাস হচ্ছেনা। তবু সত্যিটা সত্যিই। আমাদের মেডিক্যাল সায়েন্সে এর কোন ব্যাখ্যা নেই । শুধু এইটুকুই জেনে রাখো , আজ আমরা সবাই এক বিরল ঘটনার সাক্ষী হয়ে রইলাম। আমার মনে হয় ওদের এখন ওদের মতো থাকতে দেওয়াই ভালো। চলো, তোমরা নিশ্চয় নীলদের বাড়ি যাবে? আমারও সৃজা দেবীর সঙ্গে কথা বলার দরকার। চলো, একসঙ্গেই যাওয়া যাক’।

ফেরার পথে ওরা কেউ আর একটা কথাও বলতে পারেনি।

৫

সৃজা দেবী ডাক্তার বাবুর সঙ্গে কথা বলে নিজের ঘরে ফিরে এলেন। আলমারি থেকে তাঁর বাবা-মার একটা ফটো বার করে দেওয়ালে ছেলের ফটোর পাশে টাঙ্গিয়ে দিলেন। ‘বাবা ,আজ তোমার মৃত্যু দিনে তোমাকে আবার ফিরে পেলাম। ছোট থেকে তো তোমার ভালোবাসা পাইনি। আর আমার ছেলের জন্মদিনে ওকে আমি হারিয়ে ফেললাম’ –বলে কান্নায় ভেঙে পড়লেন উনি। তারপর ছেলের ফটোটা বুকে আঁকড়ে ধরে বলতে লাগলেন, ‘তুই খুব রাগ করতিস তোকে দিদুনের সঙ্গে দেখা করতে দিতামনা বলে। তোকে ২০টা বছর নিজের কাছে নিজের করে পাওয়ার খুব লোভ হয়েছিল রে। যদি বুঝিস তো আমাকে ক্ষমা করে দিস। আর তোর পুরনো জীবনটা নষ্ট করে দিলাম বলেও ক্ষমা করিস। হয়তো তোর মা খুব স্বার্থপর। তুই যেখানেই থাকিস ভালো থাকিস বাবা’।

 

..

Monday, April 12, 2021

সম্পর্ক - ২

 

আবার আমি এসেছি আপনাদের সঙ্গে কিছু গল্প করবো বলে। গল্প করবো মানে কিন্তু আপনারাও কিছু বলবেন। শুধু আমি একা বললে কি গল্প করা হয়? আপনারা কমেন্ট/মন্তব্য করে আপনাদের মতামত জানাবেন। আমি ভুল কিছু লিখে থাকলে অবশ্যই শুধরে দেবেন। আমাদের আজকের বিষয় সেই একই , সম্পর্ক।

যেকোনো সম্পর্ক শুরু করতে বিশ্বাস একটা বড়ো ভূমিকা গ্রহণ করে। সম্পর্ক যত এগোয়, এই বিশ্বাসও তত অটুট হয়। একে অন্যের ওপর ভরসা এবং নির্ভর করতে শুরু করে। এই যে আমরা বলি যে ছোটরা কত সরল, ওদের মনে কোন পাপ নেই, ওদের মাথার ওপর সেরকম কোন বাড়তি চাপও নেই। ওরা এতটা নিশ্চিন্তে থাকতে পারে তার কারণ ওরা জানে ওদের মা-বাবা ওদের জীবনে কোন কিছুর অভাব ঘটতে দেবেনা।ওরা জানে ঠিক সময়ে খাবারটা মুখের কাছে ধরার জন্য মা আছে, ওদের জীবনধারণের জন্য যা কিছু প্রয়োজন তা এনে দেওয়ার জন্য বাবা আছে। কিভাবে এগুলোর সংস্থান হয় তা নিয়ে ছোটোদের কখনও চিন্তা করতে হয়না, তাই ওরা এত সুন্দর একটা ছোটবেলা পেয়ে থাকে। এর জন্য ওরা বাবা-মার ওপর নির্ভরশীল। এই নির্ভরতা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। অথচ এটাই সম্পর্কের মাধুর্য তৈরি করে। এই নির্ভরশীলতা আবার অন্য রূপে ফিরে আসে যখন এই ছোটরা বড় হয় আর বাবা-মা বৃদ্ধ হন। তখন তাঁদের বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন তাঁদের সন্তানরা। যেকোনো সম্পর্কের এই নির্ভরশীলতার ভার বহন করাটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। আর দায়িত্ব যথার্থভাবে পালন করতে পারলেই সম্পর্ক সুন্দর ও দৃঢ় হয়।

আমি আগেও বলেছি যে এই সম্পর্ক শুধু দুটি মানুষের মধ্যে নয়, পশু-পাখিদের সঙ্গেও গড়ে ওঠে।আমি একটা কুকুরকে দেখেছি তার মনিবের জন্য মনখারাপ করে খাওয়াদাওয়া বন্ধ করে দিতে। আবার অনেকগুলো কুকুরকে দেখেছি তার মনিবের অফিস থেকে বাড়ি ফেরার সময় হলে পথ চেয়ে বসে থাকতে। কি অবাক লাগছে তো, ভাবছেন এরকম তো আমাদের মা আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকে। তাইনা? ঠিক তাই। আর পশুদের মধ্যেও সেই বোধটা আছে। আরও একটা উদাহরণ দিই, একটা বিড়ালকে দেখেছি ,সে রোজ নির্দিষ্ট সময়ে মনিবের সঙ্গে হাঁটতে যায়। তো কোন দিনে যদি তার মনিবের কোন কারণে দেরি হয়ে যায়, সে নির্দিষ্ট সময়ে মনিবকে ডাকতে আসে, মিয়াও ছাড়া কিছু বলে না ওরা। তবু সেই ডাক শুনে মনে হয় বলছে, ‘চলো, ঘুরতে যাওয়ার সময় হয়ে গেছে যে’। ওরা কথা বলে নিজেদের মনের ভাব আমাদের বোঝাতে পারেনা ঠিকই, কিন্তু হাবেভাবে পুরো মানুষের মতই।

কি মধুর এই ভালোবাসার বন্ধন। এটা যেন প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় যে তুমি একা নও, তোমাকে কোথাও যেতে দেবনা, আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে, তোমার কিচ্ছু হবেনা আমি আছি তো—এই ধরনের কিছু অনুভূতি। আমরা অনেকে ভাবি ,ধুর এতো সম্পর্ক টিকিয়ে রেখে কি হবে! যোগাযোগ রাখবো না এত সবার সঙ্গে, এত দায়দায়িত্ব পালন করতে হবেনা, একা থাকাই ভালো। কিন্তু একা থেকেই দেখুন , একা থাকাটা যেন আপনাকে গিলে খেতে আসবে। আমি মনে করি ,একাকীত্ব একটা অভিশাপ। সেই অভিশাপকে নিজের জীবনে যেচে ডেকে আনা বোকামি ছাড়া আর কিছুই না। তাই সবাই মিলে একসঙ্গে হইহই করে জীবন কাটান। অবশ্য এখন আগেকার মতো একান্নবর্তী পরিবার খুব কমই আছে। তবু যে কজন আছেন পরিবারে,তারা মিলেমিশে আনন্দে কাটান। আগের তুলনায় ছোট পরিবারকে আরও ছোট করে দেবেন না। হয়তো মনোমালিন্য হবে, সে তো সব সংসারেই হয়, কিন্তু আবার ঠিকও হয়ে যাবে। তার জন্য পরিবারগুলোকে টুকরো টুকরো করে দেবেন না। ভেবে দেখুন, এমনিতেই জনসংখ্যা বাড়ছে। আর যত ছোটই পরিবার হোক, বাস করবার জায়গা চায়। অনেক মানুষের ঘরবাড়ি নেই। কোন রকমে ফুটপাথে ,নাহলে বস্তির ঝুপড়িতে দিন কাটায়। অল্প জায়গায় ঘিঞ্জি পরিবেশে অনেকে বসবাস করেন। অথচ আপনারা সখ করে বড় বাড়িতে মাত্র ২,৩ জন থাকেন।এটা বিলাসিতা নয় কি? তাই ঝগড়াঝাটি করে সেটাকে আরও বাড়াবাড়ি পর্যায়ে না নিয়ে যাওয়াই ভালো। 

এসব ঘটনার ব্যতিক্রম অবশ্যই আছে। তবে সংখ্যায় খুব কম হওয়াটাই স্বাভাবিক।

আপনাদের মূল্যবান মতামত আমাকে লেখালেখির কাজে আরও উৎসাহিত করবে। তাই সেই প্রাপ্তি থেকে আমাকে বঞ্চিত করবেন না। লেখা ভালো লাগলে আমাকে অবশ্যই ফলো করবেন, আর লেখাটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।


Monday, April 5, 2021

সম্পর্ক

সম্পর্ক ,যা দিয়ে এই গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবন নিয়ন্ত্রিত হয়। কি ? কথাটা কি ভুল বললাম? নিজেরাই ভেবে দেখুন , জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মানুষ বিভিন্ন সম্পর্কে বাঁধা পড়ে থাকে। সেই সম্পর্কগুলো না থাকলে তার বেঁচে থাকার কোনো মানেই থাকতো না। আপনি বলবেন, এমন অনেক মানুষ আছেন ,যাঁরা একা থাকেন, কোন সম্পর্কেই জড়িত নন। হ্যাঁ , এমন মানুষ নিঃসন্দেহে অনেক আছেন। কিন্তু তাঁরা কোন মানুষের সাথে না হোক, কিছু বা কারোর সাথে সম্পর্কে লিপ্ত। সম্পর্ক যে কেবলমাত্র মানুষের সাথেই হয়, তা তো নয়। তার ভাললাগার যেকোনো কিছুর সঙ্গেই হতে পারে। যেমন ফোন, ল্যাপটপ, টিভি, বই, গাছ,পাখি এমনকি খাবারের সঙ্গেও হতে পারে। আর জীবনকে বাঁচিয়ে রাখতে এরকম এক বা একাধিক সম্পর্কই সাহায্য করে।

যখন একজন মানুষ বাধ্য হয়ে আত্মহননের পথ বেছে নেন, তখন তার নিজেকে এই এত বড় পৃথিবীতে সম্পূর্ণ একা লাগে বলেই করেন। মানুষের চিন্তাভাবনাগুলোও ভারি অদ্ভুত। অনেক সময়েই অনেকগুলো সম্পর্কে জড়িত থাকা সত্ত্বেও মানুষ নিজেকে একা মনে করে, আর ভাবে সে যখন একা, তার কোন পিছুটান নেই, দায়দায়িত্ব নেই, সে না থাকলে কারোর কিছু এসেও যাবে না। কিন্তু বাস্তবে তা হয়না।এই ভুল চিন্তাভাবনা মানুষকে দিয়ে কতরকম ভুল কাজ করিয়ে নেয় , তা তারা তখন বুঝতেও পারেনা। পরে ভেবে আফসোস করে। আগে যা ঠিক ছিল , এখন তা ভুল মনে হয়। আগেকার ভুলগুলো জীবনকে চরম শিক্ষা দিয়ে যায়।

অনেক সময় কাছে থাকলে সম্পর্কগুলোর গুরুত্ব বোঝা যায়না। দূরে গেলেই টান পড়ে সম্পর্কের সুতোয়। তখন আগেকার আপাত অসহ্য সম্পর্কগুলোই মূল্যবান হয়ে ওঠে। সম্পর্কের এই সুতোর দুপাশে থাকা মানুষ দুটো কাছে থাকাকালীন সুতো আলগা থাকায় টানটা অনুভব করেন নি। দূরে গিয়ে সেটাই টানের অনুভুতি জাগায়। বোঝা যায় সম্পর্কটা এখনো বেঁচে আছে। এর মধ্যে যদি কেউ একজন সুতোটা পুরোপুরি ছেড়ে দেন, তাহলে দূরে গিয়েও আর টান অনুভূত হয়না।

অনেক সময় এমন হয় অনেক দিন কাছাকাছি পাশাপাশি থেকেও একটা সম্পর্কের ভিত তৈরি হয়না। অথচ ঐ একই মানুষের সাথে অন্য কারোর অল্প আলাপেই সখ্যতা তৈরি হয়। তাহলে দোষটা কার ? না, দোষটা কোন মানুষের নয়। দুটি মানুষের মতের অমিল হলেই সম্পর্কের চেহারা বদলে যায়। সম্পর্কের মূলকথাই তো মন। মনের মিল না হলে সম্পর্ক তৈরি হবে কিকরে? এই মানসিক অবস্থাও সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। আর তার ফলে মানুষও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। ফলে একসময় যে সম্পর্ক সুখের ও অন্তরঙ্গতার ছিল ,তা পরবর্তী কালে নষ্ট হয়ে যায়। সম্পর্কের সুতো ছিঁড়ে যায়।

এতক্ষণ ধরে যে সমস্যাগুলির কথা বললাম, সেগুলোর কারণ হল ভালোবাসা, সহানুভূতি ,মূল্যবোধ ,দায়িত্ববোধের অভাব। এগুলো সকল মানুষকে সারাজীবন রপ্ত করা উচিৎ। শুধু বাবা মা বা গুরুজনদের দায়িত্ব নয় এগুলো শেখানো । তাঁরা তো শেখাবেনই। তাছাড়া সবাইকেই এগুলো নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। সবই অভ্যাসের ব্যাপার। একবার সবাই মিলে চেষ্টা করে দেখিই না এই পৃথিবীটাকে সুন্দর বানাতে পারি কিনা আমাদের চিন্তা ভাবনা আর সুন্দর কিছু সম্পর্ক দিয়ে।

পুনশ্চঃ  এগুলি ছাড়াও অনেক সমস্যা সম্পর্কের মধ্যে দেখা যায়। যেগুলোর হয়তো কোন সমাধান নেই।সেই আলোচনা পরে হবে। 

 

টোকা

এটা কে রে যে আমার পেছনে সবসময় টোকা মেরে বলতে থাকে 'u can do it, u can do everything'. Who is this? এ কি আমাকে শান্তিতে বাঁচতেও দেবে...